ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৯ নভেম্বর ২০২৬
নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালী প্রেস ক্লাবে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য আয়ভিনা বেগম। ছবি- ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারীদের মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য আয়ভিনা বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই মো. রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

আয়ভিনা বেগমের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর রাতে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রাজিব উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন ওরফে সালাউদ্দিন ডাকাত এবং নাজিম মোল্লা ওরফে নাজিম ডাকাতের নির্দেশে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজনের নেতৃত্বে একদল লোক বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারীদের মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ভাঙচুরে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মোট প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

আয়ভিনা বেগম আরও বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা নেয়নি। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি পুলিশকে জানানোর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ ছিল না। তবে পুলিশ বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে আসার সময় নারীদের কিছু আওয়াজ শুনতে পায় বলে জানান তিনি।
 
ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!