গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কাজলী ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলী ফার্মের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।