ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুন্দরবনের দস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-বন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনের দস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ-বন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে নৌ-বন্ধন হয়েছে। 
সোমবার বেলা ১১টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন খোলপেটুয়া নদীতে ওই নৌ-বন্ধন অনুষ্ঠিত হয়। বনদস্যু নির্মূল কমিটির আয়োজনে অনুষ্ঠিত নৌ-বন্ধনে শতাধিক নৌকা নিয়ে পাঁচ শতাধিক বনজীবী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় সুন্দরবন পাড়ে বসবাসরত গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌ-বন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন। আয়োজক কমিটির প্রধান সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে নৌ-বন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার, জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।
নৌ-বন্ধনে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেও অদ্যাবধি সাতক্ষীরা রেঞ্জকে দস্যুমুক্ত করা হলো না। বরং অব্যাহত আন্দোলন-সংগ্রামের পর সুন্দরবনের ভেতর থেকে দস্যুদের হুমকি-ধমকি বৃদ্ধি পেয়েছে। আবার সুন্দরবনে যাওয়া জেলেদের অপহরণের পর মুক্তিপণের অঙ্ক বাড়িয়ে দিয়েছে।
গাবুরা গ্রামের জেলে সবুর আলী বলেন, দস্যুরা বেপরোয়া হওয়ার কারণে জেলেরা বন-বাদাড়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় আয়-রোজগার না থাকায় ভরা মৌসুমেও জেলে পরিবারগুলোতে চরম দুর্দশা ভর করেছে।
প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও বনদস্যুদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

জেলে ওমর ফারুকের দাবি, সরকার বনদস্যু নির্মূল করুক, না হলে আমাদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। ভয়ে সুন্দরবনে যেতে পারছি না উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনের ছবি দস্যুদের কাছে পৌঁছে যাচ্ছে। ছবি দেখে দেখে জেলেদের হুমকি দেওয়া হচ্ছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যু নির্মূলে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করে জেলেদের এই দুঃখ-দুর্দশার কথা তুলে ধরা হবে। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানানো হবে।

বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, আন্দোলনের নবম দিনেও দস্যু নির্মূলের মূল দায়িত্বে থাকা কোস্টগার্ডসহ অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে না পারলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।

সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, সীমিত সামর্থ্য সত্ত্বেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান চলছে। কয়েকটি বাহিনী নির্মূলের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি—উল্লেখ করে তিনি আরও বলেন, জেলেদের সাথে যৌথ অভিযান পরিচালনা করার জন্যও বনবিভাগ সর্বদা প্রস্তুত আছে।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!