তারুণ্যের জয়যাত্রা অব্যাহত থাকুক-- রানা বিশ্বাস
তারুণ্যের জয়যাত্রা যেন কোনোভাবেই থমকে না যায়, আমাদের সবাইকে সেই সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের স্থানীয় তরুণেরা মাঠে যেভাবে নিজেদের নৈপুণ্য ফুটিয়ে তুলছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা প্রমাণ করেছে যে সঠিক সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে যেকোনো বাধা পেরিয়ে বিজয়ী হওয়া সম্ভব।
পাবনার আরিফপুর হাজির হাটে সোমবার দিবাগত রাতে ‘তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রানা গ্রুপের চেয়ারম্যান এবং সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন বিশ্বাস রানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তারুণ্য ও খেলাধুলার মেলবন্ধন তুলে ধরে আরও বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই বজায় রাখে না, বরং তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। তারুণ্যের সুস্থ বিকাশ ও আত্মগঠনে মাঠের খেলার ভূমিকা অপরিসীম। মাদকের নীল ছোবল এবং ভার্চুয়াল জগতের ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি এলাকায় খেলার মাঠ রক্ষা করা এবং স্থানীয় তরুণদের নিয়মিত অনুশীলনের সুযোগ করে দেওয়া আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, আসুন, আমরা যার যার অবস্থান থেকে আমাদের স্থানীয় তরুণ ক্রীড়াবিদদের মানসিক ও সামাজিকভাবে অনুপ্রাণিত করি। তরুণদের উৎসাহিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের পাশে এসে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরিফপুর হাজির হাট জে ইউ এস ফাজিল মাদ্রাসা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল আলিম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও আরিফপুর হাজির হাট কমিটির অন্যতম সদস্য মোঃ একরাম হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফপুর হাজির হাট ব্যবসায়ী সমিতির সদস্য হাজী আবদুল রউফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকু, আরিফপুর হাজির হাট পরিচালনা কমিটির সদস্য ও সুইট ক্লাবের সভাপতি আলী আকবর হোসেন হৃদয় খান, হাট পরিচালনা কমিটির সদস্য মোঃ সেলিম হোসেন, সাইকেল হাট পরিচালনা কমিটির সদস্য আলতাব মাহমুদ খান, কাঁচামাল হাট কমিটির সদস্য বাদশা বিশ্বাস, সুমন শেখ ও মোঃ আফজাল খানসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নাঈম স্পোর্টিং ক্লাব ২ গোলে জুয়েল স্পোর্টিং ক্লাব-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। রাতে ফ্লাডলাইটের আলোয় আয়োজিত এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে হাজির হাট ও আশপাশের ফুটবলপ্রেমী দর্শকের ঢল নামে, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।