ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ২০:৫৩, ১৪ নভেম্বর ২০২৬
লালমোহনে ২১০ প্রাথমিক বিদ্যালয়ের ৯৯টিতে নেই প্রধান শিক্ষক
লালমোহনে প্রধান শিক্ষকহীন উত্তর ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জানা গেছে, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে দিন দিন সংকট প্রকট হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

ছবির ক্যাপশন: ভোলার লালমোহন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রধান শিক্ষকের পদ শূন্য।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!