ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

এআইয়ের কারণে বাড়ছে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের কারণে বাড়ছে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিতে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে সাইবার হামলা, নেটওয়ার্ক বিভ্রাট এবং বড় ধরনের বিশৃঙ্খলার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাতজন শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এ উদ্বেগের কথা জানান।

মার্কিন সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘ভালনচেক’-এর সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, এআইয়ের সহায়তায় সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি বা বাগ শনাক্তের সংখ্যা প্রতি বছর দ্বিগুণ হচ্ছে। ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্সের মতে, ইন্টারনেটের মূল অবকাঠামোয় দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা জটিল দুর্বলতাগুলোও এআইয়ের মাধ্যমে সামনে আসছে। ফলে আগামী মাসগুলোতে সাইবার নিরাপত্তা খাতে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

সম্প্রতি ইউরোপসহ বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইটে বড় ধরনের নেটওয়ার্ক বিভ্রাটের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়। হ্যাকাররা দুর্বলতার সুযোগ নেওয়ার আগেই সাইবার নিরাপত্তা দলগুলো ত্রুটি সংশোধনে কাজ শুরু করে। ঝুঁকি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইনেও নেওয়া হয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, আগে সফটওয়্যারের ত্রুটি শনাক্ত করে তা কাজে লাগিয়ে আক্রমণের কৌশল তৈরি করতে অভিজ্ঞ ব্যক্তিদের কয়েক সপ্তাহ বা মাস লেগে যেত। কিন্তু আধুনিক এআই মডেল এখন কয়েক ঘণ্টার মধ্যেই কোড বিশ্লেষণ করে দুর্বলতা খুঁজে বের করতে এবং সম্ভাব্য আক্রমণের পথ শনাক্ত করতে সক্ষম। এতে সাইবার হামলা ঠেকাতে নিরাপত্তাকর্মীদের হাতে সময় কমে আসছে।

তবে ঝুঁকি বাড়লেও এআইয়ের এই সক্ষমতাকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স। তাঁর মতে, নিরাপত্তাত্রুটি দীর্ঘদিন গোপন থাকার চেয়ে দ্রুত শনাক্ত হওয়া ভালো। কারণ, এআইয়ের মাধ্যমে দুর্বলতা দ্রুত চিহ্নিত করা গেলে সেগুলো সংশোধন করে ইন্টারনেট অবকাঠামোকে দীর্ঘ মেয়াদে আরও নিরাপদ করা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!