প্রতিবন্ধী কিশোরকে হেনস্থা, প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন নারী
প্রতিবন্ধী কিশোরকে উত্ত্যক্ত করছিলেন এক দল যুবক। বিষয়টি অনেক ক্ষণ ধরেই লক্ষ করছিলেন রেস্তোরাঁর সহকারী ম্যানেজার। বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছতেই তিনি প্রতিবাদ করেন।
যুবকদের বলেন, “যেটা তোমরা করছ, ঠিক নয়। ও বিশেষ চাহিদাসম্পন্ন। ওকে ছেড়ে দাও।” ম্যানেজারের এই কথা শুনে চটে যান যুবকরা।
তাদের মধ্যেই এক জন ম্যানেজারের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যে আচমকাই তার চোখে ঘুসি মারেন ওই যুবক। সঙ্গে সঙ্গে ম্যানেজারের চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও ওই নারীর চোখ রক্ষা করতে পারেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় এ ঘটনাটি ঘটেছে।
.png)
মার্কিন সংবাদমাধ্যম ফক্স কেভিভিইউ-টিভির প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত নারীর নাম বিয়াঙ্কা প্লোমেরা। যে কিশোরকে হেনস্থা করা হচ্ছিল, সে ওই রেস্তোরাঁর কর্মী। বিয়াঙ্কা হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন>> কোরীয় দ্বীপে বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
তিনি বলেন, “একটা দুঃস্বপ্নের মতো লাগছে গোটা ঘটনা। বিশ্বাসই হচ্ছে না যে, আমি এক চোখের দৃষ্টি হারিয়েছি। সামান্য আফসোসও হচ্ছে। যাইহোক, চোখ তো আর ফিরে পাব না।”
তবে সহকর্মীকে হেনস্থার হাত থেকে বাঁচাতে পেরে তিনি খুশি।
রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
সূত্র: আনন্দবাজার