উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, তাণ্ডব শুরু
ভারতের তামিলনাড়ু রাজ্যের সৈকতে আছড়ে পড়েছে (ল্যান্ডফল) ঘূর্ণিঝড় ফিঞ্জাল। আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঝড়টি তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস । তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট।
ভারতের আবহাওয়া অফিসের (আইএমডি) বরাতে এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টি ৩-৪ ঘণ্টা সময় নেবে।
ফিঞ্জালের প্রভাবে চেন্নাই ও উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রচণ্ড ঝড় এবং দমকা বাতাসের কারণে চেন্নাইয়ে বিমানবন্দর ও ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। এছাড়া বেশ কিছু হাসপাতাল ও বাড়িঘর প্লাবিত হয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে এরই মধ্যে রবিবার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও।
ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির।
এর আগে, গত শুক্রবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ফিঞ্জাল। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় চলছে ভারী বৃষ্টি। চেন্নাই শহরের বহু অংশ পানিতে তলিয়ে গেছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরের বেশ কিছু অংশে লোডশেডিং হয়েছে।
এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। উপকূলের মানুষদের সরিয়ে নেওয়ার পাশাপাশি পর্যটকদের আগেই সতর্ক করে দিয়েছে প্রশাসন। শনিবার সকাল থেকে সৈকতে মাইকিং করে সতর্ক করেছে প্রশাসন।