ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬, ২২ অক্টোবর ২০২৬
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রী মিনুকে
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতাল থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়।

সেখান থেকে বিমানে ঢাকায় এনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন ভূমিমন্ত্রী। বুধবার (২১ অক্টোবর) সকালে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মিজানুর রহমান মিনু। হাসপাতালের শয্যা থেকেই রাজশাহীর বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন ভূমিমন্ত্রী। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

এদিকে নিজের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু। বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বুধবার রামেক হাসপাতালে তাকে দেখতে যান জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া বুধবার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে অসুস্থ ভূমিমন্ত্রীর প্রতি সহমর্মিতা ও সৌহার্দ্যের প্রকাশ ঘটে।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!