দাবি আদায়ে প্রেসক্লাব এলাকায় সমবেত বিভিন্ন সংগঠন, যানজটে ভোগান্তি
বিভিন্ন দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সদস্যরা। এ কারণে দুপুর ১টা পর্যন্ত বন্ধের পর যান চলাচল শুরু হলেও ঐ এলাকার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন তারা। সেখানে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার, শিক্ষানবিশ আইনজীবীরা রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কয়েক হাজার আনসার সদস্য চাকরি জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় কদম ফোয়ারা মোড়ে তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
.png)
প্রেসক্লাবের সামনে এসব সংগঠনের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ ছিল সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন ঐ রুট দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
পথচারীরা বলেন, এতদিন কেউ কোনো দাবি জানায়নি। এখন সুযোগ পেয়ে যে যার মতো রাস্তা বন্ধ করে দাবি জানাচ্ছে।