ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ২৬ নভেম্বর ২০২৬
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
ফাইল ছবি

কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আনার। পরে কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কলকাতায় মামলা হয়। বাবার হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ডরিন। ওই সময় হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগও করেন তিনি।

ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহীন।

তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্তে গতি কমে যায়। একপর্যায়ে গ্রেপ্তার আসামিরা জামিনে মুক্তি পেতে থাকেন। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পান শিমুল ভুঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!