ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালনা করছে। এটি প্রকল্পটির তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ।
বর্তমানে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে। তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও সম্পাদনা, অনুবাদ, গবেষণা এবং সফটওয়্যার উন্নয়নের মতো কাজেও প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ক্ষেত্রে তরুণদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়ার যোগ্যতা
যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। বাছাইয়ের ক্ষেত্রে এ বিষয়ে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনের শেষ সময় ছিল ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করার কথা রয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানোর কথা রয়েছে।
প্রশিক্ষণ হবে ৩০০ ঘণ্টার
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে অংশগ্রহণকারীরা সনদ পাবেন।
আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলার কথা রয়েছে। এতে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রকল্পের পরিচালক মো. আতিকুর রহমান বলেন, প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে বলেও জানান তিনি।
চার প্যাকেজে প্রশিক্ষণ কার্যক্রম
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ। বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন কর্মদক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে। বিশেষ করে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে আগ্রহীদের জন্য এ প্রশিক্ষণ কাজে আসতে পারে।
এআই প্রযুক্তির ব্যবহার শুধু তথ্যপ্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নেই। ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গণমাধ্যম, বিপণন ও প্রশাসনিক কাজেও এর ব্যবহার বাড়ছে। ফলে চাকরির বাজারে এআই ব্যবহারের দক্ষতাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তবে শুধু এআই টুল পরিচালনার দক্ষতা অর্জনই যথেষ্ট নয়। তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কেও সচেতনতা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ সময়োপযোগী।
তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজ সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কেও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন বলেও মনে করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকলে এ উদ্যোগের সুফল আরও বাড়বে। পাশাপাশি নারীদের অংশগ্রহণ এবং প্রত্যন্ত এলাকার তরুণদের প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তিতে জ্ঞানসম্পন্ন তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply ভিজিট করা যাবে।