ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যেভাবে নিয়ন্ত্রণ করবেন শুচিবায়ু
আপনার কাছের কারও যদি OCD থাকে, তবে কীভাবে এটিকে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যায় এবং এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির নিজের, চিকিৎসার এবং পরিবার বা কাছের মানুষদের ভূমিকা কী হওয়া উচিত সেই প্রসঙ্গে।
প্রথমেই আসি, আক্রান্ত ব্যক্তি নিজে কী করবেন! OCD রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের যে অংশটি ভুল বা বিপদ শনাক্ত করে তা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে কোনো বিপদ না থাকলেও মস্তিষ্কে বারবার ‘বিপদ সংকেত’ বা ফলস অ্যালার্ম বাজতে থাকে। ফলে রোগী একই কাজ বারবার করতে বাধ্য হন।
এই ভুয়া অ্যালার্ম থেকে বাঁচতে গিয়ে আপনি যখন বারবার হাত ধুচ্ছেন, তালা চেক করছেন বা জিনিসপত্র গোছাচ্ছেন, তখন সাময়িক স্বস্তি মিললেও মস্তিষ্ক আরও বেশি বিভ্রান্ত হয়। মস্তিষ্ক ধরে নেয় যে আসলেই বুঝি কোনো বিপদ ছিল!
এই চক্রটি ভাঙার সবচেয়ে কার্যকর উপায় হলো Exposure and Response Prevention (ERP)—অর্থাৎ ভয়ের মুখোমুখি হয়েও পুরোনো অভ্যাসটি না করে মস্তিষ্ককে নতুন করে প্রশিক্ষণ দেওয়া। যেভাবে ERP প্রাক্টিস করা যেতে পারেঃ
জীবাণু বা ময়লার ভয় দূর করতে-
ধরুন, দরজার হাতল বা কোনো কিছু ধরার পর আপনার মনে হলো হাতে জীবাণু লেগেছে এবং এখনই সাবান দিয়ে হাত ধুতে হবে। সাথে সাথে হাত ধুতে ছুটে না গিয়ে ঘড়ি ধরে নিজেকে অন্তত ১০ মিনিট আটকে রাখুন এবং হাত না ধুয়েই অন্য কোনো কাজে মন দিন। শুরুতে প্রচণ্ড অস্থির লাগবে, কিন্তু আপনি যদি এই অস্থিরতাটুকু সহ্য করে অপেক্ষা করতে পারেন, তবে মস্তিষ্ক ধীরে ধীরে বুঝতে শিখবে যে হাত না ধুলেও কোনো ক্ষতি হচ্ছে না।
একে বিজ্ঞানের ভাষায় Habituation বলে। এভাবে সময়ের ব্যবধান ১০ মিনিট থেকে বাড়িয়ে আধা ঘণ্টা বা এক ঘণ্টা করতে থাকলে জীবাণুর মিথ্যা ভয়টি আসতে আসতে কেটে যাবে।
বইপত্র বা জিনিসপত্র নিখুঁতভাবে সাজানো নিয়ে খুঁতখুঁতে ভাব কাটাতে-
অনেকেরই টেবিলের বই, বিছানার চাদর বা জুতা একদম নিখুঁত সমান্তরালে না থাকলে ভেতরে ভীষণ অস্বস্তি হয়। এই অভ্যাস কাটাতে ইচ্ছে করেই প্রতিদিন একটি বা দুটি জিনিস সামান্য বাঁকা বা এলোমেলো অবস্থায় রেখে দিন (যেমন—একটি বই একটু বাঁকা করে রাখা) এবং সেটি ঠিক না করেই রুম থেকে বেরিয়ে আসুন। মস্তিষ্কের এই "সবকিছু একদম নিখুঁত হতে হবে" জেদটিকে প্রশ্রয় না দিলে ধীরে ধীরে অস্বস্তি সহ্য করার ক্ষমতা তৈরি হয়।
একইভাবে, বারবার তালা বা চুলা চেক করার ভয় কাটাতে তালা দেওয়ার পর সেটির দিকে কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে মনে মনে বলুন, "আমি তালা লাগিয়েছি" এবং আর ফিরে তাকাবেন না।
যাঁদের কেবল অবাঞ্ছিত চিন্তা বা আশঙ্কা হয়-
অনেকের মাথায় বারবার প্রিয়জনের ক্ষতির আশঙ্কা, অশ্লীল চিন্তা, কিংবা কোনো অমঙ্গল হওয়ার ভয় ঘুরপাক খায়। এক্ষেত্রে মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও মনের ভেতরে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেন, চিন্তাটি জোর করে মাথা থেকে তাড়াতে চান বা বারবার প্রার্থনা করে মনকে শান্ত করেন (Mental Compulsion)।
মনে রাখবেন, কোনো চিন্তাকে যত জোর করে তাড়াতে চাইবেন, মস্তিষ্ক সেটিকে ততই বিপজ্জনক মনে করে আরও বেশি আঁকড়ে ধরবে। তাই চিন্তাটি এলে সেটির সাথে তর্ক না করে বা উত্তর না খুঁজে মনে মনে বলুন—"এটি আমি নই, এটি আমার মস্তিষ্কের একটি অপ্রয়োজনীয় চিন্তা বা OCD এর ফলস অ্যালার্ম।" চিন্তাটিকে আকাশের মেঘের মতো মনের ভেতর দিয়ে ভেসে যেতে দিন, কোনো গুরুত্ব দেবেন না।
OCD নিয়ন্ত্রণে দৈনন্দিন জীবনে Aerobic Exercise যেমন প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা, জগিং, সাইকেল চালানো বা সাঁতার কাটা—ওষুধের মতোই সহায়ক ভূমিকা রাখে।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত অ্যারোবিক ব্যায়াম মস্তিষ্কে প্রাকৃতিকভাবে Serotonin এবং Endorphin নিঃসরণ বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়, যা মস্তিষ্কের অতিরিক্ত বিপদ সংকেত শান্ত করতে সাহায্য করে।
এর পাশাপাশি প্রতিদিন ১০-১৫ মিনিট Mindfulness Meditation গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। Mindful Meditation অনুশীলন করতে প্রতিদিন ১০ মিনিট শান্ত হয়ে বসে চোখ বন্ধ করুন এবং কেবল আপনার নাক দিয়ে বাতাস ভেতরে যাওয়া ও বের হওয়ার অনুভূতির দিকে মনোযোগ দিন।
এই সময় মাথায় কোনো অবাঞ্ছিত চিন্তা বা ভয় এলে সেটিকে জোর করে তাড়াতে না গিয়ে শুধু মনে করুন করুন যে 'একটি চিন্তা এসেছে', আর আস্তে করে আপনার মনোযোগ আবার শ্বাস-প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনুন।
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নিয়মিত এই অনুশীলন মস্তিষ্কের Orbitofrontal Cortex এর অতিরিক্ত উত্তেজনা কমিয়ে আনে এবং চিন্তাকে বাস্তব বিপদ মনে করার প্রবণতা দূর করে।মেডিটেশন করার সময় আমরা যখন কেবল নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিই, তখন মস্তিষ্কের অস্থির চিন্তাগুলো থেকে নিজেকে আলাদা করে দেখার ক্ষমতা তৈরি হয় এবং এই ক্ষমতা অস্থির চিন্তাকে বাস্তব বিপদ মনে করার প্রবণতা দূর করে। সেই সাথে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং অতিরিক্ত চা-কফি (ক্যাফেইন) কমানো জরুরি।
নিজের চেষ্টার পাশাপাশি যদি লক্ষণগুলো দৈনন্দিন জীবন, পড়াশোনা বা কর্মক্ষেত্রে বড় বাধা তৈরি করে, তবে কোনো সংকোচ না করে একজন Psychiatrist এর পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের তত্ত্বাবধানে CBT ও ERP থেরাপি নিলে মস্তিষ্কে নতুন করে প্রশিক্ষিত হয়।
পাশাপাশি চিকিৎসকের পরামর্শে বিশেষ কিছু ওষুধ (যেমন SSRIs) মস্তিষ্কের Serotonin এবং Glutamate এর রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনে। রাসায়নিক ভারসাম্য ফিরে এলে মস্তিষ্কের অকারণ বিপদ সংকেত কমে আসে এবং রোগী খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
OCD আক্রান্ত একজন মানুষের সুস্থ হয়ে ওঠার পথে পরিবার এবং কাছের মানুষদের ভূমিকা অপরিসীম।
সবার আগে পরিবারকে বুঝতে হবে যে, মানুষটি ইচ্ছে করে বা সবাইকে বিরক্ত করার জন্য একই কাজ বারবার করছেন না; বরং তার মস্তিষ্কের স্নায়বিক সংকেত তাকে বাধ্য করছে। তাই তাকে নিয়ে হাসাহাসি করা, বিরক্ত হওয়া, সবার সামনে লজ্জা দেওয়া কিংবা "মনের জোর দিয়ে বন্ধ করছ না কেন?" বলে বকাঝকা করা একদমই বন্ধ করতে হবে। কারণ পরিবার থেকে আসা এই মানসিক চাপ তার উদ্বেগ বাড়িয়ে দিয়ে OCD কে আরও ভয়াবহ করে তোলে।
পাশাপাশি, কাছের মানুষদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হতে হবে। ভালোবাসা বা মায়া থেকে পরিবারের সদস্যরা প্রায়ই রোগীর অস্থিরতা কমানোর জন্য তার হয়ে কাজগুলো করে দেন—যেমন রোগীর কথায় বারবার দরজা চেক করে দেওয়া, তার জন্য অতিরিক্ত সাবান বা স্যানিটাইজার কিনে আনা, কিংবা দিনে বিশবার প্রশ্নের উত্তরে আশ্বস্ত করা যে "সব পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই"।
ক্লিনিক্যাল ভাষায় একে বলা হয় Reassurance Seeking বা Family Accommodation। সাময়িকভাবে এটি রোগীকে শান্ত রাখলেও, দীর্ঘমেয়াদে এটি তার OCD কে আরও শক্তিশালী করে তুলতে পারে—কারণ এতে মস্তিষ্ক কখনোই নিজে থেকে ভয় জয় করতে শেখে না।
গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে এই 'Accommodation' বা প্রশ্রয় দেওয়ার প্রবণতা বেশি থাকে, সেসব রোগীর OCD এর তীব্রতা বেশি হয় এবং চিকিৎসার ফলাফলও ধীরগতির হয়।
তবে এই আশ্বাস দেওয়া হঠাৎ করে রূঢ়ভাবে বন্ধ না করে, বরং রোগীর সাথে আগে থেকে আলোচনা করে ও সহানুভূতির সাথে ধীরে ধীরে কমানো উচিত।
তার অযৌক্তিক ভয় বা বারবার একই প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্রয় না দিয়ে, বরং ভালোবাসা ও ধৈর্যের সাথে বলুন—"আমি জানি তোমার এখন খুব অস্থির লাগছে, কিন্তু এটি তোমার OCD এর সংকেত, তুমি এই অস্থিরতাটুকু পার করতে পারবে, আমি তোমার পাশে আছি।" বাড়িতে একটি শান্ত ও চাপমুক্ত পরিবেশ বজায় রাখুন, তার ছোট ছোট অগ্রগতিগুলোর প্রশংসা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে যেতে তাকে উৎসাহ ও সঙ্গ দিন।
আশার কথা হলো OCD কোনো অসাধ্য রোগ বা সারাজীবনের অভিশাপ নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর অত্যন্ত কার্যকর সমাধান রয়েছে। সঠিক অভ্যাস, থেরাপি, নিজের ধৈর্য এবং কাছের মানুষদের সহানুভূতিশীল সহযোগিতা পেলে মস্তিষ্কের এই অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং স্বাভাবিক জীবন যাপন সম্ভব হয়।
লেখক : ডাঃ মুশতারী মিমি, এমবিবিএস, এমপিএইচ ( ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ,কানাডা)।
তথ্যসূত্রঃ
1. American Psychiatric Association. Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fifth Edition, Text Revision (DSM-5-TR). Washington, DC: American Psychiatric Publishing; 2022.
2. Sadock BJ, Sadock VA, Ruiz P. Kaplan & Sadock's Synopsis of Psychiatry: Behavioral Sciences/Clinical Psychiatry. Wolters Kluwer.
3. National Institute for Health and Care
Excellence (NICE). Obsessive-compulsive disorder and body dysmorphic disorder: treatment (Clinical Guideline CG31).