ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুতে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭, ২২ নভেম্বর ২০২৬
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুতে নতুন সময়সূচি
সংগৃহীত ছবি

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত ছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে ধীরগতির কারণে উদ্বোধনের সময়সূচি কয়েক দফা পিছিয়েছে।

সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই থেকে এ অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন এ রুটে মোট স্টেশনের সংখ্যা হবে ১৭টি।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজের অগ্রগতি ৮৪ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ শেষ হয়েছে ৫৮ শতাংশ।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল অবকাঠামোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথ নির্মাণ শেষে রেললাইন স্থাপনের জন্য তা ঠিকাদারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোর নির্মাণকাজও শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্যসহ সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না। এর আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ব্যবস্থা, প্ল্যাটফর্মের নিরাপত্তা সরঞ্জাম, টেলিযোগাযোগ ব্যবস্থা, লিফট ও এসকেলেটর চালু করতে হবে।

এরপর এসব ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত কাজের অগ্রগতির ওপরই মেট্রোরেলের এ অংশ চালুর চূড়ান্ত সময় নির্ভর করছে।

এর আগে কয়েক দফায় উদ্বোধনের সম্ভাব্য সময় পরিবর্তন করা হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা থাকলেও পরে তা এপ্রিল-মে মাসে পিছিয়ে দেওয়া হয়। এমনকি পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও জানানো হয়েছিল। সর্বশেষ পরিকল্পনায় নিয়মিত যাত্রী পরিবহনের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুলাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!