ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের ৭৬ শতাংশ সম্পদ ১০ শতাংশ পরিবারের হাতে
দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার। এর মধ্যে মাত্র ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে প্রায় ৪৭ শতাংশ সম্পদ। অন্যদিকে, আয়ের তুলনায় করের বোঝা সবচেয়ে বেশি বহন করছেন দরিদ্র মানুষ। ধনীদের তুলনায় দরিদ্রদের আয়ের অনুপাতে ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
শনিবার রাজধানীতে ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা হয়। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।
পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদসহ অন্যান্য সম্পদের মূল্য বিবেচনায় নিয়ে এ হিসাব করা হয়েছে।
র্যাপিডের গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন ও সম্পদ বণ্টনের চিত্র বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটিতে নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক।
গবেষণায় আরও বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই শ্রেণির পরিবারের।
অন্যদিকে, সর্বনিম্ন আয়ের ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর দায় নেই।
কর আদায়ের ঘাটতির বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। ব্যবসাপ্রতিষ্ঠানের অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং আদায় করা ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। গবেষকদের মতে, করের হার না বাড়িয়েও আদায় ও কর পরিপালনব্যবস্থার উন্নতির মাধ্যমে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা সম্ভব।
এ জন্য উচ্চ আয়ের মানুষকে করের আওতায় আনা, ভ্যাট আদায়ব্যবস্থা শক্তিশালী করা, করপোরেট করছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার সুপারিশ করেছে গবেষণা দল। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন ও করদাতাদের হয়রানি বন্ধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণার ফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা হক বিদিশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।