ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দুপুরে এমপির তিরস্কার, রাতেই বেড়া থানার ওসি প্রত্যাহার
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হেয়েছে। এর আগে শনিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় ওসির দুর্বলতা ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রকাশ্যে তিরস্কার ও অসন্তোষ প্রকাশ করেছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব।
শনিবার রাতে ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এরপর পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে বেড়া মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই গোলাম মোস্তফাকে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার সকাল ১১টার দিকে বেড়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ওসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা বারংবার এখানে কথা বলেছি। আসলে আমাদের বর্তমান ওসি সাহেবের কিছু দুর্বলতা রয়েছে নানান কারণে। আমি অনেকবার তাকে সংশোধন হওয়ার জন্য বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তিনি যদি একটু সজাগ হতেন এবং দু-চারজন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো এসব ঘটনা এভাবে ঘটত না।’
সভায় তিনি আরও উল্লেখ করেন, থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও সাহসের অভাব বা অনীহা কাজ করতে পারে । তিনি বলেন, তারা যদি ওসিকে সহযোগিতা না করেন তবে একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সার্কেল ইন্সপেক্টরের পদটি শূন্য থাকায় প্রশাসনিক কাজে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বলেও তিনি জানান। এমপির এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত এলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। ওই দিন লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন, যা সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের কথা শোনা গেলেও তাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।