ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দিনভর এসব ঘটনা ঘটে। এর আগে ভোররাতে জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বরের লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়ে দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজনকে ব্যানার টাঙাতে দেখা যায়।

একই দিন বিকেলে শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিয়েছেন।

সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আঁধারে দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর দৃশ্য দেখেছেন। মানুষ ঘুমিয়ে থাকার সময় ব্যানার টাঙিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই সেটিকে রাজনীতি বলা যায় না। এটি ছিঁচকে চোরের মতো কাজ।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে বিএনপি অবগত নয়। দলটি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না। তার দাবি, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ২০২৪ সালের আগস্টে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা এ ভাঙচুর চালিয়েছে। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করতে একদল বিক্ষুব্ধ লোকজন এসেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!