ধর্মীয় ভাবগাম্ভীর্যে জয়পুরহাটে সূর্য পূজা উদযাপন
জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সূর্য পূজা(ছট পূজা) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট সুগার মিলের পুকুরপাড়ে এ পূজার আয়োজন করা হয়।
দিনভর উপবাস থেকে বিকেলে হিন্দু ধর্মাবলম্বীরা ফুল, প্রসাদ, ফলমূল, বাদ্যযন্ত্রসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুরপাড়ে সমবেত হন। পরে সূর্যাস্তের আগমুহূর্তে কোমরপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের আরাধনা করেন।এ সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ ভক্তদের উপস্থিতিতে পুকুরপাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সূর্যদেবকে সন্তুষ্ট করা এবং দেশ, জাতি ও এলাকার মঙ্গল কামনায় ভক্তরা এ পূজা পালন করেন।
পূজার প্রচলিত রীতি অনুযায়ী, পরদিন ভোরে একই পুকুরপাড়ে উপস্থিত হয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন ব্রত পালনকারীরা। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম ও পূজার আনুষ্ঠানিকতা শেষে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ হবে তাঁদের ব্রত।
উল্লেখ্য, প্রতিবছর কালী পূজার পর ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।এ পূজায় ভক্তরা পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় উপবাস ও ব্রত পালন করেন।