ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় সবজি ও মাছের চড়া দাম, বিপাকে ক্রেতারা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ১৫ নভেম্বর ২০২৬
আখাউড়ায় সবজি ও মাছের চড়া দাম, বিপাকে ক্রেতারা
আখাউড়ায় শীতের আগমনে সর্বত্র হাট বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতের আগমনে বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও দাম কমছে না। বরং শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও গাজরসহ বিভিন্ন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারেও বাড়তি দামে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের।

রোববার (১৫ নভেম্বর) পৌর শহরের সড়ক বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ৬০ থেকে ৬৫ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০, বেগুন ৫০ থেকে ৬০, শসা ৩০ থেকে ৩৫, করলা ৬০ থেকে ৭০, আলু ২৫, টমেটো ৯০ থেকে ১০০, কাঁচা মরিচ ৫০ থেকে ৬০, গাজর ১০০ থেকে ১১০, মুলা ৩০ থেকে ৩৫ এবং ধনেপাতা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা, জালি ৫০ থেকে ৬০, মিষ্টিকুমড়া ৫০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৩৫ থেকে ৪০ টাকা এবং প্রতিটি ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। প্রতি কেজি রুই ২৫০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০, তেলাপিয়া ১৬০ থেকে ২০০, পাঙাশ ১৬০ থেকে ২০০, চাষের কৈ ২০০ থেকে ২৩০, চান্দা ২৫০ থেকে ২৭০ এবং দেশি কৈ ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের শিং ৩০০ থেকে ৪০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৫৫০, বোয়াল ৬০০ থেকে ৭০০, চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ এবং ভেটকি আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। এ ছাড়া বিভিন্ন বাজারের দূরত্ব অনুযায়ী পরিবহন খরচের তারতম্য থাকায় সবজির দামে কিছুটা পার্থক্য হচ্ছে। তবে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমে আসবে বলে আশা করছেন তারা।

মাছ বিক্রেতারা জানান, কয়েক দিন ধরে বাজারে মাছের সরবরাহ আগের তুলনায় কিছুটা কম। অন্যদিকে ক্রেতাদের চাহিদা বেশি থাকায় মাছের দাম বেড়েছে।

বাড়তি দামের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। তার ওপর মাছ ও সবজির দাম বেশি হওয়ায় প্রতিদিনের খাবারের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে। বিশেষ করে বড় মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ক্রেতা মো. নাজির হোসেন বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে দাম কমেনি। ফলে চাহিদা অনুযায়ী সবজি কেনা সম্ভব হচ্ছে না।

মো. ফরিদ মিয়া বলেন, বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় খুশি হয়েছিলেন। কিন্তু দাম না কমায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দুর্ভোগ কমছে না।

গৃহিণী আলেয়া বেগম বলেন, বাজারে শীতের প্রচুর সবজি উঠলেও দু-একটি ছাড়া বেশির ভাগের দামই কমছে না। দাম বেশি থাকলে সাধারণ মানুষের জন্য সবজি কেনাও কষ্টকর হয়ে পড়ে।

অটোরিকশাচালক আলম বলেন, সবজির দাম বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও চাহিদামতো কেনা যাচ্ছে না। অল্প পরিমাণ সবজি কিনেই সংসার চালাতে হচ্ছে।

সড়ক বাজারের সবজি ব্যবসায়ী রমজান মিয়া বলেন, শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনের তুলনায় বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়লে দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!