নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার: রয়টার্স
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।
দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার দুদিনের সফরে তুরস্ক যাচ্ছেন। সংবাদ সম্মেলনে মূলত কপ-৩১ নিয়ে কথা বলা হচ্ছে। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যরা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।