ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৩ নভেম্বর ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আন্দোলন অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশজুড়ে নৈরাজ্যের অভিযোগ তুলে সাধারণ মানুষকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আট মাসেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়নি। সরকারকে জবাবদিহির আওতায় আনতে আন্দোলনের বিকল্প নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে দলের মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। এ ক্ষেত্রে যথাসময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন বিএনপি কেন তাদের দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের ও জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। আট মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা কমেছে এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তাদের রাজনৈতিক পথচলা। কীভাবে আন্দোলন করতে হয়, তা তারা জানেন।

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। দাম আরও বাড়লে বাজারে গ্যাসের সিলিন্ডারের মূল্য ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশ নেবে। ডিসেম্বর মাসে দেশের পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় ডিসেম্বরজুড়ে এনসিপি রাজপথে থাকবে।

গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব হচ্ছে না। এ দাবিতে ডিসেম্বর মাসে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!