ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলা, দ্রুত বিচার দাবি ড. ইউনূসের
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি দাবি করেছেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারীই ব্যাংকটির মালিক। ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরের শুরু থেকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে এসব ঘটনা পরিকল্পিত বলে মনে হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নয়। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। ব্যাংকটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউনূস।
হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।