ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে নিরাপদে উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমার উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাংসংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে। ব্যাহত হয় পুণ্যার্থীদের যাত্রা। এ সময় বিপাকে পড়ে বোটে থাকা ২৯ জন।
একপর্যায়ে বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।