ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
তজুমদ্দিনে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডা. শামীম রহমান।
টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় তজুমদ্দিন ফুটবল একাদশ ও ভোলা ফুটবল একাদশ। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। এ ছাড়া খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বনি আমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব কবির, সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, ওসি মো. মিজানুর রহমান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাসান মো. সাফা পিন্টু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।