এলকে মডেল টাউনের ফ্ল্যাট-প্লট মালিক সমিতির নতুন কমিটি
পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরের অন্যতম মনোরম ও পরিকল্পিত আবাসিক এলাকা ‘এলকে মডেল টাউন’-এর সার্বিক উন্নয়ন ও পূর্বের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ২৯ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে প্লট ও ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশনের এই কমিটি গঠন করা হয়। মডেল টাউনের প্রতিষ্ঠাতা প্রয়াত এস এম লিয়াকত হোসেনের সহধর্মিণী সুফিয়া খাতুনকে প্রধান উপদেষ্টা করে গঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বারেক মীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন শান্তু রহমান টুটুল।
প্রয়াত এস এম লিয়াকত হোসেনের আকাশছোঁয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা সুফিয়া খাতুন বলেন, সবার সহযোগিতা নিয়ে আমরা আবারও এলকে মডেল টাউনকে একটি আদর্শ ও সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। পাবনা জেলায় এত সুন্দর ও মনোরম পরিবেশের আবাসিক এলাকা আর কোথাও নেই, তাই এই সুন্দর পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে।
নবগঠিত প্লট ও ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি বারেক মীর এবং সাধারণ সম্পাদক শান্তু রহমান টুটুল জানান, আমাদের এই মডেল টাউনের অবকাঠামো প্রায় পরিপূর্ণ। তবুও এর সৌন্দর্য ও শৃঙ্খলা ধরে রাখতে হবে এবং প্রতিষ্ঠাতা এস এম লিয়াকত হোসেনের স্বপ্নকে আমরা পরিপূর্ণ রূপ দেবো, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পাবনা-নগরবাড়ী মহাসড়কের কাশীনাথপুর মোড় থেকে নগরবাড়ীর দিকে প্রায় আধা কিলোমিটার দূরে বেড়া উপজেলার শিবপুর গ্রামে গড়ে উঠেছে এই পরিকল্পিত শহর। না উপজেলা সদর, না ইউনিয়ন সদর—তবুও অজপাড়াগাঁয়ে নগরজীবনের সব আধুনিক সুবিধা দিয়ে সাজানো এই আবাসন ব্যবস্থা দেখে যে কেউ চমকে উঠতে পারেন। ২০০৬ সালে স্কুল শিক্ষিকা ও সাহিত্যমনা স্ত্রী সুফিয়া খাতুনকে প্রথম নিজের এই ঝুঁকিপূর্ণ স্বপ্নের কথা জানিয়েছিলেন এস এম লিয়াকত হোসেন। স্ত্রীর উৎসাহ ও সমর্থন পেয়ে ২০০৭ সালে মাত্র দেড় একর জমির ওপর ‘এল কে রিয়েল এস্টেট লিমিটেড’-এর মাধ্যমে তিনি শুরু করেন স্বপ্নজয়ের যুদ্ধ।
শুরুর দিকে গ্রামের মানুষ তার এই উদ্যোগকে ‘পাগলামো’ মনে করলেও সময়ের ব্যবধানে সেই প্রকল্প আজ ৯০ একরের বিশাল সবুজে ঘেরা শহরে পরিণত হয়েছে। জীবদ্দশায় এস এম লিয়াকত হোসেন বলেছিলেন, অপরিকল্পিত নগরায়ণের ফলে দেশের কৃষি জমি ও জলাধার ধ্বংস হচ্ছে। তাই কৃষি জমি সাশ্রয় করে গ্রামে থেকেই মানুষকে নাগরিক সুবিধা দেওয়ার লক্ষ্যে তিনি এই উদ্যোগ নেন। তার স্বপ্ন ছিল, পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এখানে লক্ষাধিক পরিবার বসবাস করবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এমনকি দেশের প্রতিটি ইউনিয়নে এমন মডেল শহর গড়ার স্বপ্ন দেখতেন তিনি।
বর্তমানে এই আবাসিক এলাকায় গড়ে ওঠা চার ও পাঁচতলা বিশিষ্ট প্রায় ২০টি ভবনে অসংখ্য পরিবার অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বসবাস করছে। এছাড়া অনেকেই প্লট কিনে নিজস্ব ভবন তৈরি করছেন। হাতের নাগালে দাম হওয়ায় উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্ন-মধ্যবিত্তরাও এখানে ফ্ল্যাট ও প্লট কিনছেন।
স্থানীয় বাসিন্দাদের আশা, প্রয়াত এস এম লিয়াকত হোসেনের রেখে যাওয়া সেই অসমাপ্ত স্বপ্ন ও পরিকল্পনাকে তার স্ত্রী সুফিয়া খাতুনের দিকনির্দেশনা এবং নবগঠিত কমিটির হাত ধরে আরও আধুনিক ও বাসযোগ্য রূপ দেওয়া সম্ভব হবে।