ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চেয়ারম্যান পদে সমর্থন পেতে দুলালের মোটরসাইকেল শোডাউন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১৫ নভেম্বর ২০২৬
চেয়ারম্যান পদে সমর্থন পেতে দুলালের মোটরসাইকেল শোডাউন
বিএনপির সমর্থন পেতে ১২০০ মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার মহড়া। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থন পেতে ১২০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন স্থানীয় বিএনপি নেতা সাজ্জাদুল বারী দুলাল। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন সড়কে এ মহড়া দেন তার নেতা-কর্মী ও সমর্থকেরা।

উপজেলার মোলামগাড়ী বাজারে নিজের বাড়ির সামনে থেকে শোডাউনটি শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার জানান দেন দুলাল।

সাজ্জাদুল বারী দুলাল কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বাবা ইয়াকুব আলী ফকির জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও দীর্ঘদিনের জনসেবার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার নিজেই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান দুলাল।

মোটরসাইকেল মহড়ায় অংশ নেওয়া ইউনিয়নের ইটাইল গ্রামের দুলাল হোসেন বলেন, সাজ্জাদুল বারী দুলাল একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। আসন্ন নির্বাচনে তাকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া উচিত বলে তারা মনে করেন। এ দাবিতে নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মহড়ায় অংশ নিয়েছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারী দুলাল বলেন, তার বাবা চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। বাবার উত্তরসূরি হিসেবে তিনিও এলাকার মানুষের সেবা করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় আয়োজিত মহড়ায় ২ হাজার ২০০ মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এখনো কাউকে চূড়ান্ত দলীয় সমর্থন দেয়নি বিএনপি।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নেই বিএনপির একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তবে এখনো কারও নাম চূড়ান্ত করা হয়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কালাই উপজেলার প্রতিটি ইউনিয়নেই বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে জিন্দারপুর ইউনিয়নে দুলালের বড় মোটরসাইকেল মহড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!