ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ১,৩৫০ পুলিশ সদস্য

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ১,৩৫০ পুলিশ সদস্য
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় সার্কিট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জে আগে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। রোববার আরও তিন প্লাটুন যুক্ত হওয়ায় বর্তমানে জেলায় মোট ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি পুলিশ, এপিবিএন, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে নাশকতার উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য নিয়োজিত রয়েছেন। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত মোবাইল পেট্রোলিং থাকায় এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। এ ছাড়া জেলা সদর ও অন্যান্য উপজেলা শহরে জনসাধারণের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!