ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

আজ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম যত টাকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ৯ নভেম্বর ২০২৬
আজ ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম যত টাকা
ফাইল ফটো

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওই দিন সকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সোমবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!