ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ, আয় ১৩৭৫ কোটি ডলার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ৯ নভেম্বর ২০২৬
চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ, আয় ১৩৭৫ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৫ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ওভেন পোশাকের তুলনায় বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৭৫ কোটি ৬০ লাখ ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৭৭৩ কোটি ডলার। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০২ কোটি ডলারে। মোট পোশাক রপ্তানিতে নিট পোশাকের অবদান ৫৬ দশমিক ২ শতাংশ।

দেশের পোশাক রপ্তানি আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। চার মাসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে আয় হয়েছে ২৮৫ কোটি ডলার, যা মোট পোশাক রপ্তানির ২০ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের একই সময়ে এ বাজারের অংশীদারত্ব ছিল ১৯ দশমিক ৯২ শতাংশ।

যুক্তরাষ্ট্রে নিট ও ওভেন দুই ধরনের পোশাকের রপ্তানিই বেড়েছে। নিট পোশাক রপ্তানি ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১১০ কোটি ডলারে এবং ওভেন পোশাক ১০ দশমিক ২২ শতাংশ বেড়ে ১৭৫ কোটি ডলারে পৌঁছেছে।

বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। এ অঞ্চলে রপ্তানি আয় হয়েছে ৬৪৩ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেশি। তবে মোট রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্ব ৪৮ দশমিক ১৭ শতাংশ থেকে কমে ৪৬ দশমিক ৭৯ শতাংশ হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। দেশটিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারে। সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা জার্মানিতে রপ্তানি হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলারের পোশাক। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ০১ শতাংশ।

এ ছাড়া নেদারল্যান্ডসে ৮ দশমিক ৬৮ শতাংশ, পোল্যান্ডে ২ দশমিক ৮৫ শতাংশ, সুইডেনে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং রোমানিয়ায় ৪৫ দশমিক ২৮ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। তবে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও বেলজিয়ামে রপ্তানি কমেছে।

যুক্তরাজ্যের বাজারেও বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। দেশটিতে চার মাসে রপ্তানি আয় হয়েছে ১৬৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯২ শতাংশ বেশি। কানাডায় রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ।

প্রচলিত বাজারের বাইরে নতুন ও বিকল্প বাজারগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আয় হয়েছে ২৩৭ কোটি ডলার। মোট পোশাক রপ্তানিতে এসব বাজারের অংশ বেড়ে ১৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে।

বিকল্প বাজারগুলোর মধ্যে তুরস্কে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে রপ্তানি আয় দ্বিগুণের বেশি বেড়ে ২০ কোটি ৬৫ লাখ ডলারে পৌঁছেছে। প্রবৃদ্ধির হার ১০৭ দশমিক ০৫ শতাংশ। এ বাজারে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১১৭ দশমিক ১১ শতাংশ এবং ওভেন পোশাক ৯২ দশমিক ৭৪ শতাংশ।

জাপান বাংলাদেশের সবচেয়ে বড় বিকল্প বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। দেশটিতে রপ্তানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ, আয় হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার।

এ ছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পোশাক রপ্তানি বেড়েছে। বিপরীতে ভারত, চীন, রাশিয়া ও নিউজিল্যান্ডের বাজারে রপ্তানি কমেছে।

সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার। তবে এ দুই অঞ্চলের সম্মিলিত অংশীদারত্ব গত বছরের ৬৮ দশমিক ১ শতাংশ থেকে কমে ৬৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। নতুন ও বিকল্প বাজারে তুলনামূলক বেশি প্রবৃদ্ধির ফলে রপ্তানি বাজারের বিস্তৃতি ধীরে ধীরে বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!