বকেয়া আদায়ে কঠোর বিটিআরসি, জরিমানা ও লাইসেন্স বাতিলের উদ্যোগ
টেলিযোগাযোগ খাতে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং লাইসেন্সের শর্ত পরিপালন নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া পাওনা আদায়, অনিয়মের দায়ে জরিমানা এবং শর্ত না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) এবং আইপিটিএসপি খাতের অনিয়ম ও বকেয়া নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আইআইজি অপারেটরদের কাছ থেকে অনিবন্ধিত ব্যান্ডউইথ ব্যবহারের বিল বাবদ ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা পাওনা শনাক্ত করেছে বিটিআরসি। ২৬টি প্রতিষ্ঠানের কাছে এই অর্থ পাওনা রয়েছে। এর মধ্যে ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় হয়েছে। এখনো বকেয়া রয়েছে প্রায় ৮ কোটি ৯৬ লাখ টাকা।
বকেয়া পরিশোধে সাইবারগেট লিমিটেডকে ১২ মাসের কিস্তির সুযোগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কাছে ৩৩ লাখ ১৯ হাজার টাকা বকেয়া রয়েছে। এ ক্ষেত্রে বার্ষিক ১৫ শতাংশ বিলম্ব ফি দিতে হবে। একইভাবে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকে ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২ কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। পিয়ারেক্স নেটওয়ার্কস লিমিটেডকে বকেয়া পরিশোধে এক মাস সময় বাড়ানো হয়েছে।
এ ছাড়া ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, আমরা টেকনোলজিস, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব, ইনট্রাগ্লোব কমিউনিকেশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের বকেয়া আদায়ে আইনি ও লাইসেন্সিং বিভাগের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বেনাপোলে অনুমোদনহীন টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স পরিচালনা এবং বিটিআরসির অনুমতি ছাড়া অবকাঠামো ভাগাভাগি করায় আর্থ টেলিকমিউনিকেশনকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারায় এ জরিমানা করা হয়। ১০ কর্মদিবসের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাওনা ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়েও উদ্যোগ নিয়েছে কমিশন।
আইএসপি খাতে স্বয়ংক্রিয় ডেটা ইনফরমেশন সিস্টেমে (ডিআইএস) প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় ১১৬টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহার, গ্রাহকসংখ্যা ও নেটওয়ার্কের কার্যক্রমসংক্রান্ত তথ্য জমা না দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলোর জবাব ও পরবর্তী পদক্ষেপ বিবেচনায় বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে কমিশন। বিভাগীয় পর্যায়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২৫ হাজার টাকা এবং উপজেলা ও থানা পর্যায়ে ৬ হাজার ২৫০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান এখনো ডিআইএসে নিবন্ধন করেনি, তাদের ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। অন্যথায় লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হবে। জেরোটেক অনলাইন স্বেচ্ছায় লাইসেন্স সমর্পণ করেছে। বারবার নোটিশের জবাব না দেওয়ায় এম বি ক্লিয়ার নেটের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতা একমাত্র প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছেও ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে রাজস্ব ভাগ, বিলম্ব ফি, ভ্যাট ও সার্ভিস অবলিগেশন ফান্ডের অর্থ অন্তর্ভুক্ত।
আগে ১২ কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোনো কিস্তি দেয়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মূল বকেয়া আদায়ে আইনি ও লাইসেন্সিং বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম লিমিটেডকেও ৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি। সাইক্লোন প্রকল্পের আওতায় রোমান্স ও সানসহ তৃতীয় পক্ষের সঙ্গে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করার আগে কমিশনের অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি। এ কারণে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৬৫(৫) ধারায় জরিমানা করা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে।
অন্যদিকে আইপিটিএসপি খাতে লাইসেন্স ও বার্ষিক ফি বাবদ বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। এরই মধ্যে ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কমিশন। ডিজিটাল কানেক্টিভিটির কাছে ৮ কোটি ৭৯ লাখ টাকা এবং আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশন্সের কাছে ২১ কোটি ২১ লাখ টাকা আদায়ে আইনি সনদ মামলা করা হয়েছে।
এ ছাড়া বকেয়া থাকা কার্যক্রম পরিচালনাকারী আইপিটিএসপি প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ ব্যবহারে তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ সীমা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছে আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক, আমরা নেটওয়ার্কস ও সরকার কমিউনিকেশন।
বিটিআরসির এসব সিদ্ধান্তে টেলিযোগাযোগ খাতের লাইসেন্সের শর্ত, আর্থিক দায়বদ্ধতা, তথ্য জমা এবং সেবার মান নিশ্চিত করতে কমিশনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে। সূত্র: বাসস