ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]
মাদক কারবারের অর্থপাচার:

৪ মামলায় ১০০ কোটি টাকার সম্পদের তথ্য

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ৯ নভেম্বর ২০২৬
৪ মামলায় ১০০ কোটি টাকার সম্পদের তথ্য
ছবি: সংগৃহীত

মাদকসংক্রান্ত অপরাধের মাধ্যমে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কঠোর অবস্থানে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। চারটি মামলার অভিযোগপত্রে প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য উঠে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চার মামলার অভিযোগপত্রে মোট ১০০ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৪০০ টাকার সন্দেহজনক লেনদেন ও সম্পদের বিবরণ পাওয়া গেছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মামলাগুলো করা হয়। ইতোমধ্যে অভিযোগপত্র জমা পড়ায় বিচারিক প্রক্রিয়ায় রয়েছে মামলাগুলো।

তবে অভিযোগপত্রে উল্লেখ করা অর্থের পুরোটাই উদ্ধার বা জব্দ করা হয়েছে, এমন নয়। এগুলো সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদের হিসাব। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার ওপর সংশ্লিষ্টদের দায় নির্ধারণ এবং সম্পদ বাজেয়াপ্তের বিষয়টি নির্ভর করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অর্থপাচারবিরোধী কার্যক্রমের আওতায় মোট ৩৬টি মামলা ও প্রাথমিক অনুসন্ধান চলছে। এর মধ্যে পাঁচটি মামলা তদন্তাধীন এবং ২৭টি বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করা হচ্ছে।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৫ সালের সংশোধনীসহ সংশ্লিষ্ট আইনি বিধানের আওতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযোগপত্র জমা দেওয়া চারটি মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের ১১ জুন দায়ের করা চট্টগ্রামের হালিশহর থানার মামলা, ২০১৯ সালের ১ মে দায়ের করা পাহাড়তলী থানার মামলা, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা ঢাকার ওয়ারী থানার মামলা এবং ২০২৩ সালের ১ মার্চ দায়ের করা রংপুরের তাজহাট থানার মামলা।

অন্যদিকে, পাঁচটি অর্থপাচার মামলা এখনো তদন্তাধীন। এর মধ্যে গুলশান থানায় ২০২৫ সালের ১ মার্চ দায়ের করা একটি মামলা রয়েছে। বাকি চারটি মামলা ২০২৬ সালে দায়ের করা হয়েছে। এগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী থানায় ২৬ জানুয়ারি ও ৮ ফেব্রুয়ারি দায়ের করা দুটি মামলা, ১৫ মার্চ খামারহাট থানায় দায়ের করা একটি এবং ১৬ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলা।

আনুষ্ঠানিক মামলার বাইরে আরও ২৭টি বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে অধিদপ্তর। এসব অনুসন্ধানের মাধ্যমে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত, অবৈধ সম্পদের উৎস এবং এর পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

এদিকে অর্থপাচার ও প্রযুক্তিনির্ভর মাদক অপরাধের তদন্ত জোরদারে অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিশেষায়িত সাইবার নিরাপত্তা ও অর্থপাচার ইউনিট, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক প্রসিকিউশন কার্যালয় স্থাপনের প্রস্তাব রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বাসসকে বলেন, প্রযুক্তির মাধ্যমে পরিচালিত মাদক পাচার, অবৈধ আর্থিক নেটওয়ার্ক এবং মাদকসংক্রান্ত অন্যান্য অপরাধের তদন্ত শক্তিশালী করতে এসব উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনায় বিশেষায়িত পাবলিক প্রসিকিউটর নিয়োগের পাশাপাশি ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অধিদপ্তরের প্রসিকিউটরদের পাবলিক প্রসিকিউটরের পূর্ণ ক্ষমতা দেওয়ার বিষয়টিও রয়েছে। তবে এ জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক অনুমোদন নিতে হবে।

আদালত প্রাঙ্গণে পৃথক প্রসিকিউশন কার্যালয় স্থাপন করা হলে তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে সমন্বয় বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে আর্থিক ও ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন সহজ হবে এবং বিচারিক কার্যক্রম ত্বরান্বিত হতে পারে।

জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সীমাবদ্ধতার মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে অধিদপ্তর।

সংশ্লিষ্টদের মতে, মাদক অপরাধ দমনে শুধু মাদক উদ্ধার বা কারবারিদের গ্রেপ্তার যথেষ্ট নয়। অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের উৎস শনাক্ত, সন্দেহজনক লেনদেন অনুসন্ধান, প্রকৃত সুবিধাভোগী মালিকের পরিচয় উদ্‌ঘাটন এবং আদালতে গ্রহণযোগ্য আর্থিক প্রমাণ উপস্থাপনও জরুরি।

চারটি মামলায় প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য উঠে আসা অর্থপাচারবিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণ করে অপরাধলব্ধ সম্পদ আইনানুগভাবে উদ্ধার বা বাজেয়াপ্ত করাই এখন অধিদপ্তরের সামনে বড় চ্যালেঞ্জ। সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!