ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ৬ নভেম্বর ২০২৬
শর্টকাটে টাকা আয়ের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী
ফাইল ফটো

মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতা ও ন্যায়বিচারের মানসিকতা নিয়ে আদালতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনজীবী হিসেবে সফল হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলিও থাকতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’

তিনি বলেন, আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা অর্থের বিষয়টি বিবেচনা করলে চলবে না। বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

পেশাগত জীবনে মানবিক হওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসাদুজ্জামান বলেন, মক্কেলের অর্থের বিনিময়ে সব সময় আইনি সেবা দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করতে হবে। পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তরুণ প্রজন্মের প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, আগামীর প্রজন্ম তথা জেন-জিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরে গড়ে ওঠা সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!