খুলনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড, ১৭ বছর পর গ্রেফতার আসামি
খুলনায় জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) র্যাবের এসআরবি খুলনা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।
র্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৯ সালে নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন জসিম। পেশায় তিনি ছিলেন রিকশাচালক। ওই সময় জাহাঙ্গীরের বাড়ির পাশের এক দোকানদারের হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৮০০ টাকা নেন তিনি। তবে ফোন ও টাকা কোনোটিই ফেরত দেননি।
এ ঘটনায় একই বছরের ১৯ মে সকালে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। সেখানে জসিমের চুরির বিষয়টি প্রমাণিত হলে তাকে মুঠোফোন ও টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জাহাঙ্গীর তাকে বাসা ছেড়ে দিতে বলেন।
সালিসের জেরে ওই দিন বিকেলে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান জসিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, গ্রেফতারের পর জসিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।