ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঐক্যের মঞ্চ হোক রাজপথ, বিএনপির বিরুদ্ধে আঁতাতের অভিযোগ এনসিপির

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২৭ নভেম্বর ২০২৬
ঐক্যের মঞ্চ হোক রাজপথ, বিএনপির বিরুদ্ধে আঁতাতের অভিযোগ এনসিপির
পাটওয়ারী

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়তে হলে গোলটেবিল বৈঠক নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে একসঙ্গে আন্দোলনে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তি হতে হবে আধিপত্যবাদবিরোধী অবস্থান।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। কীসের ভিত্তিতে এই ঐক্যের আহ্বান, তা আমরা জানি না। তবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঐক্য করতে হলে তা গোলটেবিলে নয়, হতে হবে রাজপথে।’
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে শান্তি বজায় থাকলে ভারতেও শান্তি থাকবে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে আসার যে দুঃসাহস দেখাচ্ছেন, আমরা খুনি হাসিনাকে বলতে চাই, আপনি আসবেন? আপনাকে আমরা ভারতে ঢুকে ধরে এনে ফাঁসিতে ঝোলাব।’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘গত আট মাসে দেখেছি, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পিরিত হয়েছিল। এখন সেই পিরিত কোথায় গেল? আমরা আগেই বলেছিলাম, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবেন না। করেছেন, এখন গর্তে পড়েছেন।’
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
এর আগে বিকেলে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দার। এ সময় এনসিপির গাজীপুর মহানগর ও জেলা শাখার নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!