ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে
শ্রমিক বিক্ষোভের প্রভাবে সংকটের মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। বিশ্বের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে তাদের প্রায় ১০ শতাংশ অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের বেশিরভাগই গেছে ভারতে।
শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটিকে কয়েকজন কারখানার মালিক জানিয়েছেন, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উৎপাদন ব্যয়ও বাড়ছে। এতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যে প্রতিযোগিতামূলক সুবিধা ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনজন কারখানার মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর বড় অংশই পেয়েছে ভারত।
পোশাকশিল্পের নেতারা বলছেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা কমে এসেছে। এই সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজেএমইএ) তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এ পর্যন্ত উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্রমিক বিক্ষোভের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। এ ছাড়া বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন। সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই বিকল্প দেশ থেকে পোশাক সংগ্রহের দিকে নজর দিচ্ছেন তারা।
বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে জারা ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান ইনডিটেক্সের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি। একই বিষয়ে এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিওর কাছেও জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।