ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
২১ ডিসেম্বর পাবনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২১ ডিসেম্বর পাবনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন পাবনা সদর উপজেলায় অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে বুধবার (২৫ নভেম্বর) জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মো. সাইফুল হকের স্বাক্ষরিত চিঠিতে ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। চিঠি অনুযায়ী, ডিসেম্বর মাসে চারটি মূল ভেন্যুতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। মূল ভেন্যুগুলোর পাশাপাশি দেশের আরও ২৬৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এসব উপজেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে।
নির্ধারিত চারটি মূল ভেন্যু হলো কুষ্টিয়া সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সুনামগঞ্জ সদর ও পাবনা সদর। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ২১ ডিসেম্বর অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সরকারি চিঠিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।