ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ, আইসিইউতে ভর্তি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৭, ২৬ নভেম্বর ২০২৬
অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ, আইসিইউতে ভর্তি
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।

বুধবার পারিবারিক একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মামুনুর রশীদ।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন তিনি।

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র, তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!