ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
২০২৫ সালে বিশ্বে ৫ লাখ ৭০ হাজার মানুষের এইডসে মৃত্যু
আন্তর্জাতিক অর্থায়নে বড় ধরনের সংকটের কারণে এইচআইভি ও এইডস মোকাবিলায় কয়েক দশকের অর্জন হুমকির মুখে পড়েছে। প্রতিরোধ কর্মসূচি, কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কার্যক্রমে অর্থায়ন কমে যাওয়ায় বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডস। সংস্থাটির সতর্কবার্তা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যগত হুমকি হিসেবে এইডসের অবসান ঘটানোর বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ইউএনএইডসের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইউএনএইডসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ এইডস-সংশ্লিষ্ট অসুস্থতায় মারা গেছেন। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে এ রোগে। তবে আগের বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬ লাখ। ২০১০ সালে মারা গিয়েছিলেন প্রায় ১৩ লাখ মানুষ। অর্থাৎ চিকিৎসার উন্নতি ও সেবা সম্প্রসারণের ফলে এইডস-সংশ্লিষ্ট মৃত্যু গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। তাদের মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ জীবনরক্ষাকারী অ্যান্টিরেট্রোভাইরাল (এআরটি) চিকিৎসা গ্রহণ করেছেন। ওই বছর নতুন করে প্রায় ১২ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ১৯৯৪ সালে সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে এ সংখ্যা ছিল প্রায় ৩৫ লাখ।
আন্তর্জাতিক অর্থায়নে বড় ধাক্কা
ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কমেছে। একই সময়ে বৈশ্বিক উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ, যা এ ধরনের সহায়তা কমার ইতিহাসে এক বছরে সবচেয়ে বড় পতন।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়ায় অনেক দেশের এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম চাপে পড়েছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এই খাতে যুক্তরাষ্ট্রের অবদান ২৬ শতাংশ কমেছে। এ ছাড়া এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া মোকাবিলায় কাজ করা গ্লোবাল ফান্ডের অর্থ ছাড়ও ১৩ শতাংশ কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ২০২৫ সালে এইচআইভি মোকাবিলায় ব্যবহারের জন্য পাওয়া অর্থ আগের বছরের তুলনায় ১০০ কোটি ডলারের বেশি কমেছে। ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যগত হুমকি হিসেবে নির্মূলের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের সঙ্গে বিদ্যমান অর্থায়নের ঘাটতি দাঁড়িয়েছে ৪৩০ কোটি ডলার।
ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, বিশ্ব এমন একটি প্রতিরোধযোগ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, যা ঠেকানোর উপায় রয়েছে। প্রতিটি বন্ধ হয়ে যাওয়া ক্লিনিক, চাকরি হারানো স্বাস্থ্যকর্মী এবং প্রতিরোধসেবা থেকে বঞ্চিত তরুণীর ঘটনা ভবিষ্যতে নতুন সংক্রমণের কারণ হতে পারে।
প্রতিরোধসেবা ও চিকিৎসা কার্যক্রমে নেতিবাচক প্রভাব
অর্থায়ন কমে যাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এইচআইভি প্রতিরোধ কর্মসূচিতে। অনেক দেশে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমেছে এবং পরীক্ষার সুযোগ সংকুচিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে আগের বছরের তুলনায় প্রায় ৪ লাখ ৪৬ হাজার কম মানুষ এইচআইভি প্রতিরোধী ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রিইপি) গ্রহণের সুযোগ পেয়েছেন। যৌনকর্মী, মাদক গ্রহণের জন্য একই সুচ ব্যবহারকারী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং সমকামী পুরুষদের মধ্যে এ ওষুধ ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।
এ ছাড়া বিশ্বজুড়ে কনডম বিতরণের পরিমাণ ২০২৪ সালের ৩০০ কোটি থেকে কমে ২০২৫ সালে ২৭০ কোটিতে নেমেছে। এইচআইভি পরীক্ষার পাশাপাশি ভাইরাসের পরিমাণ নির্ণয়ের পরীক্ষাও কমেছে। ফলে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করা, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ এবং নতুন সংক্রমণ প্রতিরোধ কঠিন হয়ে পড়ছে।
ইউএনএইডসের আশঙ্কা, অর্থায়ন সংকটের পূর্ণ প্রভাব এখনো সংস্থাটির পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি। চিকিৎসা ও প্রতিরোধসেবা থেকে মানুষ ছিটকে পড়ার পর তার প্রভাব সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে দৃশ্যমান হতে সময় লাগবে। তাই সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো সামনে আসতে পারে।
২০৩০ সালের লক্ষ্য অর্জন নিয়ে উদ্বেগ
জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যগত হুমকি হিসেবে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে অর্থায়ন সংকট, সামাজিক বৈষম্য, বৈষম্যমূলক আইন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা এ লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।
বিশেষজ্ঞদের মতে, এইচআইভি মোকাবিলায় শুধু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করলেই হবে না, পাশাপাশি পরীক্ষা, প্রতিরোধ, সচেতনতা এবং কমিউনিটিভিত্তিক সেবাও চালু রাখতে হবে।
ইউএনএইডস বলছে, এখনো পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ রয়েছে। যথাযথ অর্থায়ন, রাজনৈতিক অঙ্গীকার এবং সবার জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে ২০৩০ সালের লক্ষ্য অর্জন সম্ভব। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ লক্ষ্য বাস্তবায়িত হলে দশকের শেষ নাগাদ ৩২ লাখ নতুন সংক্রমণ প্রতিরোধ এবং ১৩ লাখ এইডস-সংশ্লিষ্ট মৃত্যু এড়ানো সম্ভব হবে।
সূত্র: ইউএনএইডসের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন, এএফপি ও রয়টার্স