ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ১৯, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৬, ২৫ নভেম্বর ২০২৬
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ১৯, আহত ২০
ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজ্যটির দুটি শহরে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্লু নাইল রাজ্যের রাজধানী দামাজিনের তিনটি আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে ড্রোন হামলা চালানো হয়। এতে ১৯ জন নিহত হন। আহত হন ১৫ জন। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, নিহত ও আহত ব্যক্তিরা তিনটি পরিবারের সদস্য।

এ ছাড়া একই দিন রাজ্যটির রোজেইরেস শহরে বাঁধ ও বিদ্যুৎ উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে আরও পাঁচজন বেসামরিক নাগরিক আহত হন।

ইমার্জেন্সি লইয়ার্স সতর্ক করে জানিয়েছে, রোজেইরেস বাঁধ ও বিদ্যুৎ স্থাপনায় হামলার কারণে ব্লু নাইল রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্লু নাইল রাজ্যের দামাজিন ও রোজেইরেস শহরে এরই মধ্যে সংঘাতকবলিত বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। বিশেষ করে বাউ ও গেইসান এলাকায় সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষ এসব শহরে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ইমার্জেন্সি লইয়ার্স।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে। দীর্ঘ এই সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশটিতে মানবিক সংকটও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!