ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
রিয়াদের ৮০ তলা ভবনে হুতিদের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছোড়া একটি প্রজেক্টাইল ভবনটিতে আঘাত হানে। এতে ৮০ তলা ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি স্থাপনাও। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত পিআইএফের সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।
হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আর্থিক কেন্দ্রের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েনের পাশাপাশি জরুরি উদ্ধারকারী দল নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। হুতিদের এমন কর্মকাণ্ড বেসামরিক অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
রিয়াদের আর্থিক কেন্দ্রে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় স্থাপনায় হামলার ঘটনা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি আরামকোর একটি ভবনে হামলা চালানো হয়। ওই ঘটনায়ও স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছিল।
সূত্র: গালফ নিউজ