ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ১৭ নভেম্বর ২০২৬
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে আগামী ২০ নভেম্বর। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়ায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এ পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে।

সোমবার ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওডিশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থানে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে এগোচ্ছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ১৯ ও ২০ নভেম্বর কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!