ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ১৭ নভেম্বর ২০২৬
ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা মারা গেছেন
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা, ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি। ছবি: সংগৃহীত

ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা, ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ১০৫ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘ জীবনে ইসলামি আইনশাস্ত্র, ধর্মীয় গবেষণা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

মঙ্গলবার তার কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কার্যালয়। বিবৃতিতে তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত বিশিষ্ট ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং খ্যাতিমান শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯২১ সালে জন্ম নেওয়া আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের দীর্ঘ সময় ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে ব্যয় করেন। তার কাছে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থী পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন।

ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর ইরানে ফিরে কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে শিক্ষকতা শুরু করেন তিনি। শিয়া মুসলিমদের কাছে তিনি প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন। ইসলামি আইনশাস্ত্র ও গবেষণার পাশাপাশি শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মৃত্যুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ধর্মীয় নেতা। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে যান বলে জানিয়েছে তাসনিম।

তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে দীর্ঘ এক কর্মময় অধ্যায়ের অবসান ঘটল। তার জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!