ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

এমপি থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ড. ওসমান ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ১৭ নভেম্বর ২০২৬
এমপি থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ড. ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ সিদ্ধান্ত নেন।

সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

তবে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!