ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘে প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং এর বিরোধিতা করেছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটি শেষে কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।
প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশই হয় মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে, নয়তো এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটি জানিয়েছে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের তেমন কোনো ভূমিকা নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের সাজার কোনো স্থান নেই। এ কারণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।
সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রথা ধীরে ধীরে তুলে নেওয়ার উদ্দেশে জাতিসংঘে এমন প্রস্তাব নিয়মিত ব্যাপার। জাতিসংঘ সাধারণ পরিষদে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের প্রস্তাবটি দুই বছর পরপর (দ্বিবার্ষিকভাবে) উত্থাপিত হয়। ২০০৭ সালে জাতিসংঘে প্রথমবারের মতো বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে ২০২২ সাল পর্যন্ত অনুষ্ঠিত টানা ৮টি ভোটাভুটিতে বাংলাদেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে এসেছে।
তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থানে পরিবর্তন আনে। ২০২৪ সালের ভোটাভুটি এবং সর্বশেষ ২০২৬ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ভোটাভুটিতে বাংলাদেশ প্রস্তাবের বিপক্ষে ভোট না দিয়ে ভোটদানে বিরত থেকেছে।
এবারের প্রস্তাবে ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়।