ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ কমেছে ৮০শতাংশ,মৃতপ্রায় ১০ নদী
উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় বর্তমানে পদ্মা নদীর পানিপ্রবাহ প্রায় ৮০ শতাংশ কমেছে। এর প্রভাবে পদ্মার শাখা নদীসহ দেশের অন্তত ১০টি নদ-নদী শুকিয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এলাকায় গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব পড়েছে পদ্মা ও এর শাখা নদ-নদীর ওপর। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি প্রত্যাহারের কারণে পদ্মায় চর জেগেছে। শুকিয়ে গেছে এ নদীর উৎস থেকে সৃষ্টি হওয়া পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। অন্যদিকে মৃতপ্রায় অবস্থায় রয়েছে কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ।
কপোতাক্ষ নদের কোথাও হাঁটুপানি, কোথাও একেবারেই পানি নেই। স্থানীয়দের ভাষ্য, যেখানে সামান্য পানি দেখা যায়, তা মূলত বৃষ্টির পানি। গঙ্গা থেকে আগের মতো পানি আসে না।
পানি সংকটে ক্ষতিগ্রস্ত পদ্মার শাখা নদীগুলোর মধ্যে অন্যতম বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাট এলাকায় এ নদীর উৎসমুখ। সেখানে গিয়ে দেখা যায়, নদীর উৎসমুখে বিশাল চর জেগেছে। পানির স্বাভাবিক প্রবাহ নেই। দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে, মাঝখানে রয়েছে সরু নালার মতো পানিপথ।
পদ্মা থেকে রাজশাহী ও নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম দীর্ঘদিন ধরে এ নদীর পরিবর্তন দেখেছেন। তার ভাষ্য, একসময় বড়াল নদীতে বড় বড় নৌকা চলাচল করত।
নদী গবেষকদের মতে, বাংলাদেশের অন্যতম দীর্ঘতম এ নদীর মূল প্রবাহ থেকে শুরু করে শাখা নদ-নদীগুলোর পানিপ্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কা বাঁধের কারণে।
পানি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে এবং শেষ হয় ১৯৭৫ সালে। প্রায় ২ হাজার ২৪০ মিটার দীর্ঘ এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। নদীর প্রবাহ কমে যাওয়া, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ নানা প্রভাবের কারণে বাংলাদেশ ছাড়াও ভারতের কয়েকটি অঞ্চলে এ বাঁধ নিয়ে বিরোধিতা রয়েছে।
অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান অভিযোগ, এ বাঁধের কারণে পদ্মার পানিপ্রবাহ কমেছে, নদীর বুকে বিশাল চর জেগেছে এবং গতিপথ সংকুচিত হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি প্রত্যাহার করায় পদ্মায় পানির সংকট দেখা দেয়। এতে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের অন্যতম প্রধান এ নদী।
অন্যদিকে ভারতের যুক্তি, কলকাতা বন্দর সচল ও নাব্য রাখতে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রয়োজন ছিল। কয়েক বছর আগে বাঁধটি ভেঙে দেওয়ার দাবিও তুলেছিল বিহার সরকার। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর বন্যার দুর্ভোগ বাড়ে। এ ছাড়া বাঁধের উজান ও ভাটিতে গঙ্গার ভাঙনও স্থানীয় বাসিন্দাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
স্প্রিঙ্গার নেচারের ডিসকভার ওয়াটার সাময়িকীতে ২০২৬ সালের জুনে প্রকাশিত মো. ইমরান হোসেনের এক গবেষণায় বলা হয়েছে, উজান থেকে পানি প্রত্যাহারের বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর। এতে বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির হিসাব উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষতির পুরোটা এককভাবে ফারাক্কা বাঁধের কারণে নয়; এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও রয়েছে।
এ ছাড়া নিউজিল্যান্ডের গবেষক এমএম কিউ মির্জার ১৯৯৮ সালের এক গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উঠে আসে। ওই গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, লবণাক্ততার কারণে ধানের আঞ্চলিক ফলন বোরো মৌসুমে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং আমন মৌসুমে ৭১ শতাংশ পর্যন্ত কমেছে।
তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে দাঁড়িয়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার উন্নতির কারণে এ উৎপাদন বেড়েছে।
গবেষকদের মতে, দেশের সামগ্রিক ধান উৎপাদন বেড়েছে কি না, সেটিই মূল বিবেচ্য বিষয় নয়। বরং উজান থেকে পানিপ্রবাহ স্বাভাবিক থাকলে এবং লবণাক্ততা না বাড়লে ধানের উৎপাদন আরও কতটা বাড়তে পারত, সেটি বিবেচনা করা জরুরি।
এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, অভিন্ন নদ-নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, তাতে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে। ফলে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা যথাযথ গুরুত্ব পায়নি।
তিনি বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীতে নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন। কারণ, প্রতিটি নদ-নদী নিজস্ব উপত্যকায় একটি বাস্তুতন্ত্র গড়ে তোলে এবং তা টিকিয়ে রাখে। পৃথিবীর সামগ্রিক পরিবেশগত ভারসাম্য রক্ষায় নদীর এ ভূমিকা গুরুত্বপূর্ণ।
অধ্যাপক নজরুল ইসলামের মতে, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদে কার্যকর নয়। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে এর অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গিতে নদীর স্বাভাবিক প্রবাহ ও বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডও টেকসই হয়।
পদ্মা নদীর তীরবর্তী এলাকার প্রবীণ বাসিন্দারাও নদীর আগের ও বর্তমান অবস্থার পার্থক্য তুলে ধরেছেন। তাদের ভাষ্য, একসময় পদ্মায় প্রচণ্ড স্রোত ছিল, নদী ছিল প্রশস্ত। বাঁধ চালুর আগে নদীর পানির প্রবাহ এতটাই তীব্র ছিল যে, নৌকা ভেড়াতেও কয়েকজন মানুষকে সতর্ক থাকতে হতো। এখন নদীর অনেক অংশে শুধু চর আর ডাঙা দেখা যায়।
পদ্মায় মাছ ধরার সঙ্গে যুক্ত জেলেদের অভিযোগ, পানির প্রবাহ কমে যাওয়ায় আগের মতো মাছ পাওয়া যায় না। একসময় যেসব মাছ প্রচুর পাওয়া যেত, এখন সেগুলোর অনেক প্রজাতিই আর জালে ধরা পড়ে না। ফলে অনেকে মাছ ধরার পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে এ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তারা জানান, গড়াই নদীতে একসময় মোট ৪৪ কিলোমিটার এলাকায় চর জেগেছিল। বর্তমানে ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে নদীটি সচল রাখার চেষ্টা চলছে। কুষ্টিয়ায় থাকা ১১টি নদী পদ্মা ও গড়াইয়ের সঙ্গে সংযুক্ত। পদ্মায় পর্যাপ্ত পানি না থাকলে এসব নদীও মৃতপ্রায় হয়ে পড়বে।
পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের উদ্বেগের আরেকটি বড় কারণ গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প। দেশের অন্যতম বৃহৎ এ সেচ প্রকল্প সম্পূর্ণভাবে পদ্মার পানির ওপর নির্ভরশীল। ষাটের দশকে চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিতে প্রকল্পটি গড়ে তোলা হয়। তবে ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানির সংকট দেখা দেওয়ায় সেচ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
সুত্র: বাসস