আ.লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের হাতে অস্ত্র দেখা গেছে, ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন আইনবহির্ভূত।
গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গে তিনি আরও বলেন, সেখানে নৃশংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ করছে। অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে।
পুলিশের বলপ্রয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না।
তিনি আরও বলেন, যতটুকু প্রয়োজন, তার বেশি বলপ্রয়োগ করা উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। সরকারও সেটিই প্রত্যাশা করে।