চার পদে কর্মরতদের চাকরির তথ্য পাঠানোর নির্দেশ, সময় ২৮ নভেম্বর
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত চার শ্রেণির শিক্ষক ও কর্মকর্তার চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট পদগুলো হলো চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক)। আগামী ২৮ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের হালনাগাদ তালিকা তৈরির লক্ষ্যে তাদের চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা তথ্যের হার্ডকপি ও সফটকপি কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি অথবা পেনড্রাইভে জমা দিতে হবে। এটি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসম্পূর্ণতা রাখা যাবে না।
চাকরিসংক্রান্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানো নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমেও তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ পদ্ধতিতে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য সঠিকভাবে পূরণ ও জমা হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।