ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

শিক্ষার মান যাচাইয়ে রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার মান যাচাইয়ে রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষা সচিব
সংগৃহীত ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক। এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান ও সার্বিক শিক্ষা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিদর্শনকালে শিক্ষা সচিব বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় শিক্ষার্থীদের কাছে শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার মান, পাঠদান পদ্ধতি এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরাও শিক্ষা কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরে।

পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন শিক্ষা সচিব।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান যাচাই করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কাগজে-কলমে শিক্ষা কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি শ্রেণিকক্ষে বাস্তবে পাঠদান কেমন হচ্ছে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলসহ আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন শিক্ষা সচিব আবদুল খালেক। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস চালুর উদ্যোগ নিয়েও কাজ করছেন শিক্ষা সচিব। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপত্তা বাড়ার পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা ও সড়কের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন এবং স্কুল বাস চালুর উদ্যোগের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের তদারকি বাড়ানো ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!