২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটির খসড়া
২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ছুটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ও শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
খসড়া তালিকা অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ২৪ দিন ছুটি থাকবে।
এই ছুটির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রীশ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবেকদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ)।
অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিলে এ সময়ে মোট ১০ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।
বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ১১ দিন ছুটি থাকবে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার প্রস্তাব রয়েছে।
সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ৭০ দিনের ছুটির প্রস্তাব করা হয়েছে খসড়া তালিকায়। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। একই সঙ্গে তালিকাটি এখনো খসড়া পর্যায়ে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।