ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ১০ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে কলেজ ফটকে ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ
সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে ছাত্রলীগের ব্যানার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রদল।

এ ছাড়া কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মিছিল করেন এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান ও স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মিলন হক রঞ্জু।

ছাত্রদল নেতাদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এমন কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন।

তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। সিসিটিভির ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!